রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২। সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতা মিজানুর রহমান স্বপনকে এসআরবি গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এসআরবি মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।