ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতন করে চাঁদা আদায়ের অভিযোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

পটুয়াখালী সদর উপজেলা বসাক বাজার এলাকা থেকে মনির নামে পটুয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন এবং ১ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব ও ছাত্রদলের সক্রিয় কর্মী সিয়ামের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী মনির পটুয়াখালী সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগীর অভিযোগ, রাতের কোনো একসময় বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় সাকিব ও সিয়াম। পরে তাকে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এ সময় তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও রেখে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে বন্ধুর কাছ থেকে ১ লাখ টাকা আদায়ের পর মনিরকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মনির। মুক্তির পর আহত অবস্থায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান জানান, মনিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সাকিব ও সিয়ামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত