জয়ে শুরু করতে চান বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ এএম

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৮ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়াই এখন দলের লক্ষ্য। মাঠের বাজে অবস্থার কারণে তাসখন্দের দস্তলিক স্টেডিয়াম থেকে ম্যাচগুলো সরিয়ে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কাছের দস্তলিক স্পোর্ট কমপ্লেক্সের ১ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

গতকাল মঙ্গলবার উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টারে চতুর্থ দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী দলের সহ-অধিনায়ক ও ফরোয়ার্ড আলপি আক্তার বলেন, ‘আমাদের দল খুব ভালো অবস্থায় আছে। ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।

উজবেকিস্তান আমাদের প্রথম প্রতিপক্ষ। মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করব। আশা করছি, প্রথম ম্যাচেই বাংলাদেশকে একটি ভালো জয় উপহার দিতে পারব।’

ম্যাচের প্রস্তুতিতে কোচিং স্টাফের কৌশলগত দিক ও গোল করার দক্ষতায় বিশেষ নজর দেওয়ার কথাও জানান আলপি। তার ভাষায়, ‘কোচরা আমাদের রক্ষণ, মিড-ব্লক ও আক্রমণ নিয়ে কাজ করেছেন। বিশেষ করে ফিনিশিংয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে এ জায়গায় আমাদের সামান্য ঘাটতি ছিল। এখন আমরা অনেক বেশি প্রস্তুত। আশা করছি, ফলও ইতিবাচক হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত