রাজশাহী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার (৭ অক্টোবর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রুজু হওয়া মামলার মধ্যে একটি করে খুন, যৌতুকের জন্য হত্যা, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৬৭টি মামলা রয়েছে। এছাড়া এ সময়ে রেঞ্জ জুড়ে ছয়টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
অপরাধ দমনে পুলিশ মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে পরোয়ানা মূলে ১৩০ জন, সাজাপ্রাপ্ত ২৯ জন, তদন্তাধীন মামলায় ৬৯, প্রতিরোধমূলক ৬ ও মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৯ জনসহ ২৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পুলিশি অভিযানে ৩ দশমিক ৫০ গ্রাম হিরোইন, ১৩৮ পিস ইয়াবা, ৩০৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এছাড়া সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন ইউনিটে ১,০২৬ জন সেবাগ্রহীতা সেবা নিয়েছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৫,০০৮ জন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।