একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব চেষ্টার অংশ হিসেবে কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে।’
সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ এ ধরনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে বলেও তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আগে থেকে সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে ঘরের আশপাশে ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ময়লা ও পচা পানি জমতে দেওয়া যাবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।’
রিজভী বলেন, ‘পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে সেখানে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে না পারে। আগে থেকেই সতর্ক হলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
ডেঙ্গু পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা করে নেওয়া হতো। বর্তমানে তা বিনামূল্যে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটিকে সরকারের একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য, অপরাধ বা জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।’
তিনি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।
বাস-ট্রেনের আগুনে রাজনৈতিক যোগসূত্র রয়েছে: রিজভী
অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী