শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে রাখার প্রতিবাদ এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ১৬তম দিনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে যে নিয়মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হচ্ছিল, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর হঠাৎ তা আটকে দেওয়া হয়েছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এটি ক্ষমতার প্রভাব দেখানোর একটি অপচেষ্টা বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
এদিকে বেতন-ভাতা পরিশোধের দাবিতে বুধবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখার সামনে অবস্থান নেন কর্মচারীরা। পরে দুপুর ১টার দিকে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।
যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বেতন আটকে রেখে শিক্ষার্থীদের আন্দোলন দমানোর চেষ্টা মেনে নেওয়া যায় না। আমরা উপাচার্য পদে অধ্যাপক সায়েম স্যারকে অবিলম্বে পুনর্বহাল চাই।’