দেশের চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাত্রা যোগ করে ২২ বছর পূর্ণ করল ‘স্টার সিনেপ্লেক্স’। ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করা মাল্টিপ্লেক্স সিনেমা হলটি আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সাউন্ড সিস্টেম ও মনোরম পরিবেশের মাধ্যমে প্রেক্ষাগৃহের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি ফিরে আসে আবার। আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের ছবি প্রদর্শন এবং দেশীয় চলচ্চিত্রের জন্য নতুন দর্শক তৈরি করে এটি বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
২২ বছরপূর্তিতে দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকদের সমর্থনই তাদের এই দীর্ঘ পথচলার মূল শক্তি। তিনি মানসম্মত দেশীয় চলচ্চিত্র নির্মাণের ওপর বিশেষ জোর দেন।’ বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা রয়েছে। শিগগির বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালু করার প্রক্রিয়া চলছে।