চলতি বছরে ৩৫-এ পা দিয়েছে দেশের প্রথম সারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। একই সঙ্গে দলটির ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’ পূর্ণ করতে যাচ্ছে শততম মঞ্চায়ন। এই দুই মাইলফলক ঘিরে দুই দিনের বিশেষ আয়োজন রেখেছে দলটি। আগামী ১৫ ও ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘আমিনা সুন্দরী’।
‘আমিনা সুন্দরী’ নাটকটির রচনা করেছেন এসএম সোলায়মান। নির্দেশনায় রয়েছেন রোকেয়া রফিক বেবী। প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে নাটকের গল্প। বাঙালি নারীর প্রেম, ত্যাগ ও অপেক্ষার পাশাপাশি পুরুষশাসিত সমাজে নারীর প্রতি প্রতারণা ও প্রবঞ্চনা নাটকটির অন্যতম বিষয়।
নাট্যদলটির ভাষ্য, প্রায় ৩০০ বছরের পুরনো এই লোককাহিনির মধ্যেও বর্তমান সমাজের বাস্তবতা খুঁজে পাওয়া যায়। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রেম, ত্যাগ, বঞ্চনা ও স্বামীর প্রতারণার গল্প আজও প্রাসঙ্গিক। তাই ‘আমিনা সুন্দরী’কে শুধু একজন নারীর গল্প হিসেবে নয়, হাজারো নারীর গল্প হিসেবে মঞ্চে তুলে ধরা হয়েছে।
‘আমিনা সুন্দরী’র মঞ্চব্যবস্থাপক ও দলের প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত বলেন, একটি নাটকের ১০০তম প্রদর্শনী সম্পন্ন করা আনন্দ ও গর্বের। এই অর্জনের নেপথ্যে যাদের অবদান ও সহযোগিতা ছিল সকল নাট্যপ্রেমী, দর্শক ও নাট্যকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‘আমিনা সুন্দরী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, পল্লবী মাতব্বর, তানিয়া চৌধুরী শিল্পী, রেজাউল আমীন সুজন, স্বাধীন শাহ, ফেরদৌস আমিন বিপ্লব, মেহমুদ সিদ্দীকি লেনিন, সজল চৌধুরী, ঈন্দ্রানী ঘটক, আহসান জামীল, রানা সিকদার, মানিকসহ আরও অনেকে। এই বিশেষ মাইলফলকের সঙ্গে যুক্ত হয়েছে দলটির ৩৫ বছর পূর্তিও। এই দীর্ঘ যাত্রায় দলটি ‘কোর্ট মার্শাল’, ‘গোলাপজান’, ‘সময়ের প্রয়োজনে’, ‘আমিনা সুন্দরী’র মতো অসংখ্য দর্শকনন্দিত ও সফল প্রযোজনা দর্শকদের উপহার দিয়েছে।
থিয়েটার আর্ট ইউনিটের ৩৫ বছর পূর্তি ও ‘আমিনা সুন্দরী’র শততম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত দুই দিনের এই বিশেষ প্রদর্শনীতে নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।