রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বাপশক) গতকাল বৃহস্পতিবার লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হলো।
পারমাণবিক বিক্রিয়া শুরুর আগে এ অনুমোদনের প্রয়োজন ছিল বলে জানিয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এতে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরও কাছাকাছি পৌঁছাল বাংলাদেশ।
বায়েরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটির নির্ধারিত লাইসেন্সিং প্রক্রিয়ায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সাইট লাইসেন্স, প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন, নির্মাণ অনুমোদন, চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদন এবং সবশেষে চালনা লাইসেন্স দেওয়ার ধাপ রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কমিশনের তথ্যানুযায়ী, রূপপুর প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিশ্লেষণ, কারিগরি নথি ও লাইসেন্স গ্রহণের কার্যক্রম আগেই সম্পন্ন করা হয়েছে।
রূপপুরে দুটি ইউনিটে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্যানুযায়ী, প্রকল্পটি কমিশনের দায়িত্বে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
সব কিছু ঠিক থাকলে আগামী দুই মাসের মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্র গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারে। এ জন্য এখন কেন্দ্রটির সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।