পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনআস্থা আরও বেশি প্রতিষ্ঠা করাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রী।
এক সাংবাদিক প্রশ্ন করেন, আইজিপি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পুলিশের জন্য জনআস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকারের আট মাস এবং এর আগে অন্তর্র্বর্তী সরকারের প্রায় দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে। এ আস্থা অর্জনে পুলিশের আর কত সময় লাগবে? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’ এরপর সাংবাদিক আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’ তিনি আরও বলেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পসংলগ্ন নোয়াখালীপাড়া ও রঙ্গিখালী পাহাড়ি এলাকায় ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের অধীনে দুটি ক্যাম্প স্থাপন করা হবে। এসব এলাকায় নিয়মিত অপহরণের ঘটনা ঘটে। সেনা ক্যাম্প স্থাপন করা হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।