‘ছিনতাইকারীদের চাপাতির কোপে’ পুলিশ পরিদর্শক গুরুতর আহত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম

খুলনা মহানগরীতে ‘ছিনতাইকারীদের হামলায়’ পুলিশ পরিদর্শক মো. শাহ আলম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নগরীর সদর থানাধীন খান জাহান আলী রোডে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। এর আগে তিনি কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে রূপসা থানায় একটি বিশেষ অভিযান শেষে ফিরছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খুলনা সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

তবে হামলার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত