দীর্ঘদিন ধরে প্রেম করছেন টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। একসঙ্গে লিভ-ইনও করছেন তারা। ভক্তরা এ জুটির বিয়ের ঘোষণা নিয়ে অনেক আগ্রহী ছিলেন। অবশেষে বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। জানালেন,ইতোমধ্যেই বিয়ের কেনাকাটাও শুরু হয়েছে।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা সেন লেখেন— ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ; সবথেকে লম্বা পথ।’
বিয়ের তারিখ এখনও জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ। তবে ধারণা করা হচ্ছে, বছরের শুরুতেই হয়তো ভক্তদের চমকটা উপহার দেবেন এই দম্পতি।
বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এমনটাই প্রত্যাশা সকলের।
