পটিয়ায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা এমপি এনামের

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম

চট্টগ্রামের পটিয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অশান্তি সৃষ্টি বা পূজা উদযাপনে বাধা দেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, বিএনপি সরকার শুধু পূজার সময় নয়, বছরের ৩৬৫ দিনই সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। ৫ আগস্ট-পরবর্তী সময় বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই জনগণ তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

মহালয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আবহে দুর্গাপূজার আগমনী বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, বিএনপি নেতা শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোহাম্মদ তৌহিদুল আলম, আবদুল মাবুদ ও ইসমাইল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল, সুকান্ত তালুকদার, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও মেম্বার উত্তম দে প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত