ম্যাচ শুরুর পর থেকেই মাঠে একের পর এক উড়ে আসতে শুরু করে কাগজের তৈরি বিমান আর ছোট ছোট রাবারের বল। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে অসম্ভব হয়ে পড়েছিল, সেখানে ম্যাচ চালু রাখাও ছিল চরম ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত উগ্র সমর্থক ও গ্যালারির এমন অদ্ভুত প্রতিবাদের মুখে ফুটবল ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন রেফারি। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানো ও অ্যাথলেতিক বিলবাওর ম্যাচটিতে গতকাল শনিবার দেখা গেল এই নজিরবিহীন বিশৃঙ্খলা।
ঘরের মাঠের সমর্থকদের দীর্ঘদিনের ক্ষোভ এবং ক্লাব সভাপতির ওপর চরম অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ম্যাচ পণ্ড করে দেওয়ার এমন কাণ্ড ঘটায় ভক্তরা।
এস্তাদিও দে ভায়েকাসে ম্যাচের প্রথম থেকেই উত্তপ্ত ছিল গ্যালারির পরিবেশ। বিশেষ করে ১৩তম মিনিটে গিয়ে গ্যালারি রূপ নেয় বিশাল এক প্রতিবাদ মঞ্চে। ক্লাব সভাপতি রাউল মার্তিন প্রেসার পদত্যাগের দাবিতে গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। সভাপতিকে মাঠ ছেড়ে যাওয়ার তাগিদ দিয়ে সমর্থকরা একযোগে গ্যালারি থেকে মাঠে ছুঁড়তে শুরু করে কাগজের তৈরি বিমান আর রাবারের বল। খেলা ১৫ মিনিট বন্ধ থাকার পর সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলে আবার খেলা শুরু হয়। কিন্তু দক্ষিণ গ্যালারি থেকে ফের বস্তুর ছোঁড়ার বৃষ্টি শুরু হলে মাঠের রেফারির ম্যাচ পরিত্যক্ত করা ছাড়া কোনো পথ ছিল না।
ক্লাবের শীর্ষ কর্তার প্রতি সমর্থকদের এমন ক্ষোভ একদিনের নয়। জরাজীর্ণ স্টেডিয়াম, সুযোগ-সুবিধার চরম অভাব এবং ক্লাবের আধুনিকায়নে ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরে সভাপতির ওপর চটে আছেন ভক্তরা। চলতি মৌসুমের শুরুতেই স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিসহ ‘লেজিওনেয়ার্স রোগ’ সংক্রমণের শঙ্কায় এই মাঠ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।
লেগানেসে হোম ম্যাচ খেলতে যাওয়ার সিদ্ধান্ত ভক্তরা বয়কট করেছিল। এতদিন পর নিজেদের ঐতিহাসিক মাঠে ফিরলেও ক্ষোভের আগুনে একটুও জল পড়েনি। এমনকি টিকিট বিক্রির জন্য কোনো অনলাইন ওয়েবসাইট না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় সমর্থকদের। গত মৌসুমে ক্লাবের বাজে কন্ডিশন নিয়ে খোদ ফুটবলাররাই চিঠি লিখেছিলেন, যেখানে ড্রেসিংরুমে গরম পানি না থাকা ও ছত্রাকের আক্রমণের কথা উঠে আসে।
মাঠে গড়ানো ম্যাচ বাঁচাতে চেষ্টা করেছিলেন রাযোর ফুটবলাররা। পরিস্থিতি শান্ত করতে তারকা ফুটবলার ওস্কার ভালেনতিন ও ইসি পালাজোন গ্যালারির দিকে এগিয়ে গিয়ে হাত জোড় করে দর্শকদের কাছে অনুরোধ জানান। তবে রাগে ফুঁসতে থাকা ‘বুকানেরোস’ উল্ট্রাসদের শান্ত করা যায়নি। অন্যদিকে, এভাবে খেলা বন্ধ হওয়ার পর সফরকারী দল অ্যাথলেতিক বিলবাও এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্লাবের অবস্থান পরিষ্কার করে।
বিলবাও কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক সেই বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ দেখতে যে সকল সমর্থক মাদ্রিদে সফর করেছিলেন, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়ে আমরা দ্রুত যোগাযোগ করব।’ প্রতিবাদের এই আগুনে আপাতত লা লিগার ম্যাচে কোনো পয়েন্ট বা সিদ্ধান্ত ছাড়াই মাঠ ছাড়তে হলো দুই দলকে।