বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ৮৪তম জন্মদিনে পা রেখেছেন। এই বিশেষ দিনে চলচ্চিত্র অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। পুত্রবধূ তথা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে আছেন নাতনি আরাধ্যা বচ্চন। ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। ভালোবাসা এবং ঈশ্বর সবসময় মঙ্গল করুন।’
বরাবরের মতো এবারও জন্মদিনে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে এসে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন অমিতাভ। লাল কুর্তা পরে তিনি হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান। এছাড়া তার গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চেও উদযাপিত হয়েছে জন্মদিনের সপ্তাহ। যেখানে পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে তার উষ্ণ আলিঙ্গন দর্শকদের আবেগপ্রবণ করেছে। কাজের ক্ষেত্রে তিনি নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।