শিরোপায় চোখ রেখে দেশ ছাড়লেন সোহানরা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম

সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা জয়ের পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও নজর দিচ্ছে দল। এই সিরিজে অংশ নিতে আজ দেশ ছাড়ার আগে এমন প্রত্যাশার কথাই জানান উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘দল হিসেবে খেললে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত। সামনেই এশিয়া কাপ এবং তার পরপরই বিশ্বকাপ। আমার কাছে মনে হয় এটা একটা ভালো মঞ্চ, এখানে যদি আমরা ভালো করতে পারি ওই আত্মবিশ্বাসটা আসবে।’

২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজের বাইরে কোনো শিরোপা জেতে বাংলাদেশ। এবারও দলগত পারফরম্যান্সের মাধ্যমে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় তার।

এবারের সফরে বাংলাদেশের স্কোয়াডে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করা এই স্পিনারের সামনে এবার আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে আলিসের বোলিং বৈচিত্র্য বাংলাদেশের স্পিন আক্রমণকে আরও কার্যকর করে তুলতে পারে। প্রতিপক্ষের ব্যাটারদের জন্যও তাঁর বোলিং নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

আলিসের দলে অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন সোহান, ‘আলিস অনেক দিন ধরে ভালো করছে এবং অবশ্যই বাংলাদেশ দলের জন্য ভালো। এরকম একজন রহস্য স্পিনার থাকলে, যখন আমরা বাইরেও খেলি, আমার কাছে মনে হয় যে প্রতিটি দলেই এই ধরণের কিছু বল করার (খেলোয়াড়) থাকে।’

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটারদের একটি বড় অংশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ খেলছেন তারা। এই ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে ওয়ানডে সংস্করণ।

সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযানে নামবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

সর্বশেষ সর্বাধিক পঠিত