পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় সাবেক রাজউক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার নবম বিশেষ জজ আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
এছাড়া বরাদ্দকৃত দুটি প্লট বাতিল করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার, শওকত আজীজ এবং আশফাক আজীজ। এদেরে মধ্যে শওকত আজীজ এবং আশফাক আজীজ প্লট গ্রহীতা ।
এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এছাড়া, জামানত প্রত্যাহার করে নেয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাটার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এর আগেও একাধিক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় রাজউক ও গৃহায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।