শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। জানা গেছে, অভিনয়ের দৃশ্য ধারণের সময় তার মুখের ওপর ক্যামেরাসহ পড়ে যান চিত্রগ্রাহক। এতে নাকে প্রচণ্ড আঘাত পান এই অভিনেত্রী। নাক ফুলে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি। তবে এই দুর্ঘটনার পরও শুটিং থেকে বিরতি নেননি উর্বী।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তার বর্ণনা দিয়ে উর্বী জানান, একটি সংলাপহীন দৃশ্যের শুটিং চলছিল। হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। কয়েকজন মিলে বেডটি ঠেলে তাকে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা ধরেন। শুটিংয়ের মাঝখানে বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ফেলেন চিত্রগ্রাহক। এ সময় ক্যামেরাসহ সরাসরি উর্বীর মুখের ওপর পড়ে যান তিনি।
ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য কিছু দেখতে বা কথা বলতে পারছিলেন না উর্বী। ব্যথার তীব্রতা বোঝাতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য!’ দুর্ঘটনার পরপরই হাসপাতালে যান তারা। উর্বীর এক্স-রে করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে ওষুধ সেবন করছেন তিনি। অভিনেত্রী জানান, তার নাকে প্রচণ্ড ব্যথা হয়েছে এবং নাক ফুলেও গেছে। তবে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এ ঘটনায় কাউকে দায়ী করতে চান না উর্বী। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
একসঙ্গে খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী