অফশোর বিডের সময় বাড়ল

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ এএম

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ বাড়াতে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ও তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুসন্ধান এলাকার তথ্য সংগ্রহের প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের দরপত্রে বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে অগভীর সমুদ্রের ১১টি এবং গভীর সমুদ্রের ১৫টি ব্লক রয়েছে। গত ২৪ মে সরকার এই বিডিং রাউন্ডের ঘোষণা দেয়। নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তির আওতায় বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে গ্যাসের দাম নির্ধারণ, করছাড় ও অন্যান্য শর্তে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১০ মার্চ সর্বশেষ অফশোর বিডিং রাউন্ডের দরপত্র আহ্বান করা হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত