রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ, ওয়ারী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড ও পল্টন থানা যুবদলের সাবেক সহসভাপতি জাফর খান মনা। জাফর খানকে গুরুতর আহতাবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এমদাদ পাটোয়ারী বলেন, জাফর খান মনা, ফারুক মাহমুদ ও আবদুল্লাহ জায়েদ ডেভিড হঠাৎ এসে গুলিস্তানে বিআরটিসি কাউন্টারে হামলা ও লুটপাট চালায়। এতে সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘যেহেতু যুবদলের রাজনীতির পাশাপাশি আমি শ্রমিক রাজনীতির সঙ্গেও জড়িত, সেখানে আমার সঙ্গে তাদের বাগবিত-া হয়। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালালে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।’
অভিযোগ অস্বীকার করে আহত যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড বলেন, ‘আমরা ওসমানী পার্ক এলাকায় ঘুরতে গেলে এমদাদ পাটোয়ারীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে জানতে পল্টন থানার ওসিকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। পরে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি। তবে সেটি ফুটপাত ও পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে নয়। অন্য বিষয় নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অন্য কী বিষয়, তা তিনি নিশ্চিত করেননি।