বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জনঅধিকার পার্টির উদ্যোগে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে আসছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন নির্বিঘেœ ও নিরাপদে উদযাপিত হয়, সে জন্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, বোমাবাজি ও নাশকতার মাধ্যমে চলমান অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার করা এবং দেশের অভ্যন্তরে গচ্ছিত অবৈধ অর্থ ব্যবহার করে এসব তৎপরতা চালানোর চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জনতার দলের সদস্য সচিব তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।