তৃতীয় দফা জানাজা শেষে সালাহউদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ এএম

বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া ২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ জুরাইনের লাল মসজিদে তৃতীয় দফা জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরে তার দাফন সম্পন্ন হয়।

নয়াপল্টনে জানাজায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, অত্যাচার ও নিপীড়নের ফলে মৃত্যু। নির্যাতনে ক্ষতবিক্ষত হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় সালাহউদ্দিন আহমেদকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন সাহস, ত্যাগ ও দিকনির্দেশনা দিয়ে সালাহউদ্দিন আহমেদ ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন। তিনি শারীরিকভাবে না থাকলেও ঢাকা মহানগর বিএনপির প্রতিটি কর্মকা-, মিছিল, লড়াই ও সংগ্রামে সাহসের বাতিঘর হয়ে বেঁচে থাকবেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত