ফাইনালে ওঠার চ্যালেঞ্জ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ এএম

আফগানিস্তানের সঙ্গে আবুধাবিতে রোমাঞ্চকর টেস্ট ড্রয়ের পর এবার ঘরের মাঠে বড় পরীক্ষার সামনে বাংলাদেশ দল। আগামী ২৮ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর এবং আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে শান্ত-লিটনদের জন্য এ ৬টি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে ভালো ফল করতে পারলে ইতিহাস গড়ে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে টাইগারদের।

বাংলাদেশে আসার আগেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ: মিরপুর ও সিলেটের দুই টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ দেওয়া হয়েছে সহ-অধিনায়ক ও নিয়মিত ব্যাটার শাই হোপ এবং প্রধান ফাস্ট বোলার আলজারি জোসেফকে। সামনে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারের কথা ভেবে শাই হোপকে বিশ্রাম দিয়েছে সিডব্লিউআই। অন্যদিকে মিরপুর ও চট্টগ্রামের স্পিনবান্ধব উইকেটে টানা বোলিংয়ের ধকল ও ইনজুরি ঝুঁকি এড়াতে সফর থেকে সরিয়ে নেওয়া হয়েছে আলজারি জোসেফকে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার কেভিন উইকহাম।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে। বাংলাদেশের কঠিন কন্ডিশনে খেলতে নামার আগে হুঙ্কার দিয়ে হেড কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ওপরের দিকে ওঠার জন্য আমাদের এ সিরিজটি জেতা খুব জরুরি। তবে নিজ দেশের চেনা কন্ডিশনে বাংলাদেশ কতটা মারাত্মক ও চ্যালেঞ্জিং দল তা আমরা জানি। আমরা সেই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত আছি।’

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জাইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

শান্তদের পেস-স্পিন আক্রমণে ভীত ইংলিশরা: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই ফেব্রুয়ারিতে দুটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দল। তবে মিরপুরের ঘূর্ণি ট্র্যাকে নামার আগেই সফর নিয়ে সতর্ক হিসাব-নিকাশ শুরু করেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ইদানীং হাসান মাহমুদ ও এবাদত হোসেনদের নিয়ে গঠিত বাংলাদেশের শক্তিশালী পেস আক্রমণ এবং চেনা স্পিন বৈচিত্র্য নিয়ে চিন্তায় পড়েছেন সফরকারী নির্বাচকরা।

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে ইংল্যান্ডের প্রধান নির্বাচক মার্কাস নর্থ সরাসরি স্বীকার করেছেন টাইগারদের বর্তমান শক্তির কথা, ‘বাংলাদেশ এখন ঘরের মাঠে খুবই শক্তিশালী এক টেস্ট দল। সেখানে শুধু ওদের বিষাক্ত স্পিনারদের মুখোমুখি হতে হবে তা নয়; বাংলাদেশে এখন বেশ কয়েকজন বিশ্বমানের ফাস্ট বোলারও রয়েছে। তাই এ সফরটি আমাদের দল গঠনের ভারসাম্য ও কৌশলের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।’

ঘরের মাঠে বাংলাদেশকে আটকানোর ছক কষতে রিচার্ড ডসনকে ইংল্যান্ডের জাতীয় স্পিন বোলিং লিড হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের হয়ে গত দুই মৌসুমে ৮৮ উইকেট নিলেও ৩৫ বছর বয়সী অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচকে বাংলাদেশ সফরের জন্য বিবেচনা করছেন না ইংলিশরা। বরং মিরপুরের অল-স্পিন ট্র্যাকে তরুণ শোয়েব বশির বা রেহান আহমেদদের ওপর আস্থা রাখতেই প্রস্তুত হচ্ছেন সফরকারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত