বাঁশখালীতে দুর্গাপূজার আয়োজন ঘিরে পুলিশের উদ্যোগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের এই মতবিনিময় সভা থানা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

​বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হকের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার আরিফ হোসে‌নের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ​সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার
(আনোয়ারা সার্কেল) মোঃ  মাহমুদুল হাসান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলার সভাপতি লায়ন শেখর দত্ত, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক এবং সহ-সভাপতি ঝুন্টু কুমার দাশসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সম্পূর্ণ নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সম্পন্ন হতে পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ থাকবে। প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি পূজা মণ্ডপ পরিচালনা কমিটিকেও সার্বিক সহযোগিতা ও সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সহ আমরা সকলেই সোচ্চার নিরাপত্তা দেওয়ার জন্য। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

​সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঁশখালী‌তে এবার ৮৮‌টি সার্বজনীন পুজা এবং ১৯৭‌টি ঘটপুজা অনু‌ষ্টিত হ‌বে। প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর ও ঝাঁকজমকপুর্ণভাবে দূর্গা পূজা ও দূর্গা উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রতি বছরের ন্যায় এবারও আজানের সময় মাইক বন্ধ রাখা, মন্ডপ এলাকা মদক মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কোন ঘটনা ঘটলে আগে পূজা উদযাপন পরিষদ এবং থানা পুলিশকে জানানোর আহবান জানিয়ে বলা হয়, কোনকিছু ঘটলেই আগে কেউ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না। কেউ পূজা মন্ডপ ও পূজা সংক্রান্ত বিষয়ে কেউ ফেসবুক পোস্ট কমেন্ট করে উত্তেজনা ছড়ালে তাকেই দায়িত্ব নিতে হবে। বাঁশখালীতে এবার ৮৮টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত