ডিএসসিসির উদাসীনতায় পার্কগুলো অনিরাপদ: সাদিক কায়েম

রাজধানীর পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকার অভিযোগ করে সেগুলো ব্যবহার উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম

রাজধানীতে সুস্বাস্থ্যের বার্তা নিয়ে ম্যারাথন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক সংগঠন রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানে আয়োজিত কর্মসূচিটি রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের (রমনা) কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে শুরু হয়ে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে যমুনার সামনে গিয়ে ম্যারাথনটি শেষ হয়।

ম্যারাথনে অংশ নেন ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবু সাদিক কায়েম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট চিকিৎসক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন, সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক এবং নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন ও আবু মুসা।

এছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির যুব সদস্যসহ স্থানীয় পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীরা এ আয়োজনের জন্য সংগঠনটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনকে ধন্যবাদ জানান। তারা বলেন, স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গিয়ে তিনি দেখেছেন, দেশটির নাগরিকেরা ফজরের আজানের পরপরই রাস্তায় বেরিয়ে আসেন। সুস্থ থাকার জন্য দিনের শুরুতেই তারা বড় বড় পার্ক ও মাঠে গিয়ে শরীরচর্চা করেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে, মানুষের শরীরচর্চার জন্য প্রয়োজনীয় পার্ক ও মাঠের অভাব রয়েছে। নামমাত্র যে কয়েকটি পার্ক রয়েছে, সেগুলোও ঢাকা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলা ও অযত্নে ব্যবহারের অনুপযোগী এবং অনিরাপদ হয়ে পড়েছে।

সাদিক কায়েমের অভিযোগ, পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলে থাকলেও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বে জনগণ তাদের নির্বাচিত করলে বিদ্যমান পার্কগুলো মাদক কারবারি ও মাদকসেবীদের দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় একটি করে পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তারা ঢাকাবাসীর জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে চান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, রমনাবাসীকে সচেতন করতে তাঁর সংগঠন বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা তৈরিসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা ও সামাজিক বন্ধন গড়ে তুলতে আয়োজিত ম্যারাথনে রমনাবাসী যেভাবে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন, একইভাবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আবদুস সাত্তার সুমন বলেন, অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, জনগণের ঐক্যের সামনে কোনো অপরাধী টিকে থাকতে পারে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রমনা গড়ে তুলে এলাকাটিকে শান্তির নীড় হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত