চট্টগ্রাম নগরীতে নিজস্ব পার্কিং ব্যবস্থা না রাখা, সড়কে যানজট সৃষ্টি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্দেশনা অমান্য করার দায়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত বিশেষ আদালত এ জরিমানা করেন।
নগরীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফ্রোবেল প্লে স্কুলকে সতর্ক করা হয়।
সিডিএ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব পার্কিং সুবিধা না থাকায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে এর আগে পরিদর্শন ও বৈঠকের মাধ্যমে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব পার্কিং ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবনমালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৪৫ লাখ টাকা।
অভিযানের অংশ হিসেবে উৎসব সুপার মার্কেটকে পার্কিং ও যানজটসংক্রান্ত অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ফ্রোবেল প্লে স্কুলের যানবাহন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে সৃষ্ট যানজট কমাতে তদারকি জোরদার করা হয়েছে। আগে সতর্ক করার পরও যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ভবনমালিকসহ কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।