নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ এএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা। তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও চালাতেন।

পুলিশ জানায়, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এটিকে সুপরিকল্পিত হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, লুৎফুজ্জামানকে এর আগেও নিশানা করা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত