ভারতের রাজধানী দিল্লিতে 'তেরঙ্গা যাত্রা' বা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা কর্মসূচি বন্ধ করতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভি’র।
১৬ অক্টোবর দিল্লির বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের কর্মসূচি না করার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ ও বার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে হলুদ রঙের সোফায় বসে আছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপক।
সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’ টেবিলের ওপর রাখা নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে তাকে তর্ক করতে দেখা যায়।
এই পদযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য সমাগম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে পুলিশ কমিশনার অনুরাগ কুমারের সভাপতিত্বে পুলিশ সদর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপরাধ দমন শাখা, স্পেশাল সেল, গোয়েন্দা বিভাগ, ট্রাফিক পুলিশ এবং নিউ দিল্লি রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কনট প্লেসের সেন্ট্রাল পার্কসহ পুরো মধ্য দিল্লিতে যেকোনো বড় জনসমাগম রোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার আওতায় জারি থাকা নিষেধাজ্ঞা যাতে লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
কনট প্লেসের একাধিক প্রবেশপথ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করার পাশাপাশি প্রয়োজনে সংলগ্ন মেট্রো স্টেশনগুলোর গেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিল্লিতে ইতিমধ্যে মোতায়েন থাকা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) উপস্থিতি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চালিয়ে আসছে সিজেপি।
এর আগে জন্তর মন্তরে কর্মসূচি পালনকালে দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে তিহার কারাগারে পাঠানো হয়। এরই প্রতিবাদে এবং সহকর্মীদের মুক্তির দাবিতে সাধারণ মানুষকে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন অভিজিৎ দীপক। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে মধ্য দিল্লি জুড়ে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।
‘বাংলাদেশের ধাঁচে সরকার বদল চাইছে কংগ্রেস ও তার সহযোগীরা’: ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী