অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: বিমানমন্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের ক্ষতির পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারও দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে। দেশে নির্বাচন ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের চেষ্টা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, একটি দলের কথিত ‘বট বাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত