দিল্লিতে মিছিলের আগেই আটক অভিজিৎ ও নেহা

এবারের মিছিলের অন্যতম কারণ ছিল গ্রেপ্তার সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তি দাবি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন তারা। 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে বাড়ি থেকে আটক করা হল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই মিছিল করার কথা ছিল তার। একই দিনে যন্তর মন্তরের কাছে থেকে আটক করা হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ছাত্রনেত্রী নেহা বোরাকেও।  খবর এনডিটিভি’র। 

শুক্রবার দিল্লি পুলিশ অভিজিতের বাড়িতে গিয়ে মিছিল না করার নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করে। পরে তাকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হলেন সিজেপি প্রতিষ্ঠাতা।

এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছন অভিজিৎ। বিমান থেকে নামার পরই তাকে আটক করা হয়েছিল।

এবারের মিছিলের অন্যতম কারণ ছিল গ্রেপ্তার সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তি দাবি। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন তারা। তার আগের দিনই ঐতিহাসিক এই স্থানকে বিক্ষোভস্থলের স্বীকৃতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ওই দুই সদস্যকে গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ছাত্রনেত্রী নেহা বোরা

'নয়াদিল্লিতে যেতে পারবেন না', অভিজিৎকে জানাল পুলিশ

শুক্রবার অভিজিতের বাড়িতে গিয়ে দিল্লি পুলিশ জানায়, কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। নয়াদিল্লি পুর পরিষদও প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার অনুমতি দেয়নি। ফলে মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে নোটিসে সতর্ক করা হয়।

পুলিশ আরও জানায়, জাতীয় পতাকা ওড়ানো বা হাতে নিয়ে চলা বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা কিংবা জমায়েতের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য নির্ধারিত বিধি মেনে চলার বিষয়েও অভিজিৎকে সতর্ক করা হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের সময় তাকে বলতে শোনা যায়, 'আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি।'

এর জবাবে অভিজিৎ বলেন, 'নয়াদিল্লিতে যেতে পারব না, কিন্তু অন্য কোথাও তো যেতে পারি। আমি এমন কী আইন ভেঙেছি?' 

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহাত্মা গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরেছিলেন অভিজিৎ। কাঁধে ছিল ছোট একটি জাতীয় পতাকা। বাড়ির বসার ঘরে বসে পুলিশের দেওয়া নোটিসের কাগজপত্র খতিয়ে দেখছিলেন তিনি। পুলিশের বক্তব্যের জবাবে তাঁকে প্রশ্ন করতে শোনা যায়, 'আমার বিরুদ্ধে কী অভিযোগ আনলেন আপনারা?'

এদিকে, ককরোচ যুব আন্দোলনের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি ঘিরে প্রশাসনের ধরপাকড়ের মধ্যে ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে। চলতি সপ্তাহান্তে একাধিক পরিচিত আন্দোলনকারীকে আটক করার ঘটনায় দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত