ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখা কিংবা কোনো সম্প্রদায়কে হীনম্মন্যতায় ভোগানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আপনারা এ দেশের ভূমিপুত্র, আমিও এ দেশের ভূমিপুত্র। আমার যতটুকু অধিকার আছে, আপনাদেরও ততটুকু অধিকার আছে। অধিকার কেউ কাউকে দিয়ে দেয় না, নিজের অধিকার নিজেকেই ভোগ করতে হয়।’
ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, একজন মুসলমান ও একজন হিন্দুর রক্তের রং একই। বিপদে একজনের পাশে অন্যজনের দাঁড়ানোই মানুষের ধর্ম। একে অপরের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে বিভেদ কমবে, পারস্পরিক আস্থা বাড়বে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, পূজা উদ্যাপনে সরকার সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর। এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ নিরাপদে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখবেন।
কুমিল্লা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা।