রাজবাড়ীতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নামাজ শেষে মসজিদ থেকে বের হন পিয়ারুল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ পিয়ারুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।