তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান-কে 'প্রধান তথ্য কমিশনার' পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একই সাথে সাংবাদিক এস.এ.এম মাহফুজুর রহমান এবং সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন-কে 'তথ্য কমিশনার' হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে প্রকাশিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, 'তথ্য অধিকার আইন, ২০০৯' এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারগণের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার কর্তৃক নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।