পিআইবির মহাপরিচালক পদে ফারুক ওয়াসিফের মেয়াদ বৃদ্ধি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে সাংবাদিক ফারুক ওয়াসিফের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য বর্ধিত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরসহ মোট ১৫টি দপ্তরে পাঠানো হয়েছে।

ফারুক ওয়াসিফ বর্তমানে পিআইবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত