সাংবাদিক আলিফ হত্যায় গ্রেপ্তার এক

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ এএম

নেত্রকোনার দুর্গাপুরে সাবেক সেনাসদস্য ও অনলাইন আইপি টেলিভিশন রূপসী বাংলার সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় অন্যতম সহযোগী অপূর্বকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসেরের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় পরদিন ১৬ অক্টোবর নিহতের দ্বিতীয় স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল আসামিসহ অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অপূর্ব এর আগেও আরেকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহলে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ অপূর্বকে শনাক্ত করে আটক করে। পরবর্তী সময় তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত