মেসি জাদুকরের আরেকটি জাদুকরী ফুটবল শো

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ এএম

আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়ালেন লিওনেল মেসি। তার চোখধাঁধানো জোড়া গোল এবং প্রথম গোলে প্রত্যক্ষ অবদানের ওপর ভর করে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তৃতীয় সাফল্য তুলে নিল ‘দ্য হেরনস’ খ্যাত মায়ামি। একই সঙ্গে পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৩৬-এ উন্নীত করলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

খেলার প্রথমার্ধে জর্জিয়ার দল আটলান্টা ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও আক্রমণের দিক থেকে ইন্টার মিয়ামিই ছিল ক্ষুরধার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫তম মিনিট) গোলের খাতা খোলে কিয়ি গনসালেসের শিষ্যরা। মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল বল বাড়িয়ে দিলে জার্মেন বেরতেরামে ও লিওনেল মেসির পা ঘুরে বল পান লুইস সুয়ারেজ। চিলির ডিফেন্ডার পাওলো দিয়াজকে কাটিয়ে সুয়ারেসজর বাড়ানো নিখুঁত পাসে মেক্সিকান ফরোয়ার্ড বেরতেরামে লক্ষ্যভেদ করে মিয়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

চলতি লিগে মেসির এটি ১৫তম অ্যাসিস্ট। এর ফলে  এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি। 

বিরতির পর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা আরও জমে ওঠে। ৫৬তম মিনিটে শুরু হয় ‘মেসি ম্যাজিক’। মাঝমাঠের ডান দিক থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় দৌড় শুরু করেন মেসি। বেরতেরামের সঙ্গে দুর্দান্ত ‘ডাবল ওয়ান-টু’ পাসিং কম্বিনেশনে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে ড্রিবল করে বোকা বানিয়ে আটলান্টার গোলরক্ষক লুকাস হোয়োসের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান (২-০)।

এই নান্দনিক গোলের ঘোর কাটতে না কাটতেই চার মিনিট পর (৬০তম মিনিট) আবারও বল জালে পাঠান মেসি। এবার নিজের অর্ধে পেয়ে দূরপাল্লার পাস বাড়ান লুইস সুয়ারেস। বল ধরে একাই বক্সে ঢুকে আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে নাচিয়ে নিখুঁত শটে দলের তৃতীয় গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

চলতি মৌসুমে এটি মেসির ২৪ ও ২৫ নম্বর গোল, যার মাধ্যমে লিগের গোল্ডেন বুটের দৌড়ে নিজের অবস্থান শক্ত করলেন। এমএলএসের ইতিহাসে জোসেফ মার্তিনেজের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে দুইবার অন্তত ২৫টি করে গোল করার কীর্তি গড়লেন তিনি। বর্তমানে মৌসুমে মেসির মোট গোল অবদান (গোল + অ্যাসিস্ট) দাঁড়িয়েছে ৪০-এ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া সর্বোচ্চ ৪৯টি গোল অবদানের রেকর্ডটি ভাঙতে মেসির এখন আর প্রয়োজন মাত্র ৯টি গোল অবদান, যার জন্য হাতে রয়েছে আরও ৪টি ম্যাচ।

ম্যাচের ৮৯তম মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিকল্ট পেনাল্টি থেকে আটলান্টার হয়ে একটি গোল পরিশোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। সাবেক কোচ হেরার্দো ‘তাতা’ মার্তিনোর আটলান্টার বিপক্ষে ৩-১ গোলের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখল ইন্টার মায়ামি, নিশ্চিত করেছে প্লে অফের টিকিটও। 

সর্বশেষ সর্বাধিক পঠিত