ব্রাদার্স ইউনিয়নের জালে রীতিমত গোল উৎসবে মেতেছিল ফর্টিজ এফসি। প্রতিপক্ষের জালে গুনে গুনে ৬ বার বল জড়িয়েছে তারা। প্রথমার্ধে ব্রাদার্সের গোলকিপার মোহাম্মদ রাজিবের অবিশ্বাস্য কিছু সেভ আর দৃঢ়তায় কোনোমতে টিকে ছিল দলটি। কিন্তু বিরতির পর সেই প্রতিরোধ ভেঙে যেন গোলবন্যার জোয়ার বইয়ে গেল গোপালগঞ্জের মাঠে। গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর অনবদ্য জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের সুবাদে ব্রাদার্সকে৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে ফর্টিজ।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক গতিতে খেলতে থাকে ফর্টিজ। একের পর এক মুহুর্মুহু আক্রমণে ব্রাদার্সের রক্ষণভাগকে ব্যস্ত করে তুলেছিলেন ইব্রাহীম-ওমর বাবুরা। কিন্তু ম্যাচের প্রথমার্ধ জুড়ে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্সের গোলকিপার রাজিব। একের পর এক দুর্দান্ত সেভ করে ফর্টিজের ফরোয়ার্ডদের হতাশায় ডোবান তিনি। এতে গোলশূন্য ড্রয়ের স্বস্তি নিয়েই বিরতিতে যাওয়ার সুযোগ পায় ব্রাদার্স।
তবে দ্বিতীয়ার্ধেই মুদ্রার উল্টো পিঠ দেখল ব্রাদার্স। ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত সেই ডেডলক ভাঙেন ফর্টিজের মোহাম্মদ ইব্রাহীম। ছোট বক্সে জটলার ভেতর থেকে সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলের লিড এনে দেন তিনি। এই গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান হোসেন। ইসা জালোর নিচু ক্রসে দূরের পোস্টে নিখুঁত পা ছুঁইয়ে ফুটবল লিগে নিজের ক্যারিয়ারের প্রথম গোলটি আদায় করে নেন বসুন্ধরা কিংস থেকে আসা এই তরুণ ফরোয়ার্ড।
দুই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ব্রাদার্স আর ম্যাচে ফেরার বিন্দুমাত্র সুযোগ পায়নি। বিশেষ করে ম্যাচের শেষ ১৫ মিনিট দলটির জন্য এক দুঃস্বপ্ন হয়ে এসেছিল। এই স্বল্পসময়ে ফর্টিজ প্রতিপক্ষের জালে আরও চারবার বল জড়িয়ে ব্যবধান নিয়ে যায় হাফ ডজনে। ৭৫ ও ৮১ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে জোড়া গোল করেন ওমর বাবু।
এর ঠিক পরপরই ৮৩ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন স্টিফেন চুকউদে। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল টুডু দলের হয়ে ষষ্ঠ গোলটি করলে ৬-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়। এই দাপুটে জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রাখল ফর্টিজ।
সিটি ক্লাবের জয় ও পিডব্লিউডি-রহমতগঞ্জের ড্র
এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিটি ক্লাব। এই জয়ে তাদের ঝুলিতেও আছে ৩ ম্যাচে সমানে ৭ পয়েন্ট; তবে গোলগড়ে কিছুটা এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে ফর্টিজ।
অন্যদিকে, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ে।
৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ