বগুড়ার সনাতনী নারীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ সনাতনী নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এবং বিকেলে শহীদ খোকন পার্কে এসব শাড়ি বিতরণ করা হয়। বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা নারীদের হাতে উপহারের শাড়ি তুলে দেন।

রোববার বিকেলে বগুড়া মহানগর বিএনপির আয়োজনে সিটি করপোরেশন এলাকার সনাতনী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনসহ মহানগর বিএনপি ও মহিলা দলের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের কথা বিবেচনা করেন। এ কারণে এবার দুর্গাপূজার ছুটি বাড়ানো হয়েছে, পূজামণ্ডপগুলোতে অনুদান বৃদ্ধি করা হয়েছে এবং নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গাপূজা আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে। বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’। এ বিষয়টি সামনে রেখে বর্তমান সরকার দেশের সব মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

এর আগে দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এবং বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস।

দুপুরে সদর উপজেলা এলাকায় এবং বিকেলে সিটি করপোরেশন এলাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে মোট ২ হাজার ৩০০ সনাতনী নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত