মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত প্রিয়াঙ্কা দাশ (৩০) ওই এলাকার পলাশ দাসের স্ত্রী।

স্থানীয়রা জানায়, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। এলাকাবাসীর অভিযোগ, বিপজ্জনক অবস্থায় তারটি পড়ে থাকার বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে প্রিয়াঙ্কা দাশ পুকুরে গোসল করতে গেলে ছেঁড়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহলাং মারমা বলেন, সোমবার সকালে খবর পেয়ে উত্তর আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহাব সরকার জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না বলে জানানো হয়েছে।

তবে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আদনান আহমদ চৌধুরী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার বিষয়ে আমাদের কার্যালয়ে কেউ অভিযোগ করেননি। তাহলে পল্লী বিদ্যুতের অবহেলা হলো কীভাবে? কয়েকজন ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছেন। কিন্তু বিভিন্ন কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। আজ সকালে ফোনে বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে তার মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত