অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার সাহারা রে মারা গেছেন। গত রবিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩৪ বছর। খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম টিএমজেড।
চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তানের মা হয়েছিলেন সাহারা। মেয়ের নাম রেখেছিলেন স্নো। গত ১৯ জুলাই মেয়েকে নিয়ে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি। সেটিই ছিল তার ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট।
২০১৬ সালে পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসেন সাহারা। তবে তাদের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালু করেন তিনি।
তার মৃত্যুর কারণ নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।