দুর্গাপূজার আনন্দে মেতেছেন দেশের তারকারা। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন পূজার মুহূর্ত। আবার কেউ পূজার শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তদের। এবারের পূজায় অভিনেত্রী পূজা চেরী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও পরীমণির বিভিন্ন আয়োজন ও বার্তা আলোচনায় এসেছে।
দেবী দুর্গার আদলে সাজে নজর কেড়েছেন পরীমণি। সাদা-লাল শাড়ি, মুকুট ও পদ্ম হাতে তার প্রকাশিত ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে অশুভের ওপর শুভর জয়ের বার্তাও তুলে ধরেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে পূজা চেরী তার বার্তায় নারীর শক্তি, সাহস ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেছেন। দেবীর শক্তি শুধু প্রতিমার মধ্যে সীমাবদ্ধ নয়, নারীর প্রতিবাদ ও সংগ্রামের মধ্যেও তার প্রকাশ রয়েছে, এমন ভাবনা তুলে ধরেছেন তিনি।
এবারের দুর্গাপূজায় ঢাকাতেই থাকার কথা জানিয়েছেন অপু বিশ্বাস। বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা নেই তার। মাকে হারানোর পর পূজার আনন্দে আগের মতো আবেগ খুঁজে পান না বলে জানিয়েছেন অভিনেত্রী। তবু সবার জীবনে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা তার।
শৈশব ও কৈশোরের পূজার আনন্দ প্রসঙ্গে মিম বলেন, এসব এখন শুধুই স্মৃতি। যদিও এখনো পূজার প্রতিটি দিন নতুন সাজে বের হন তিনি, তবু আগের মতো সেই আনন্দ আর ফিরে পাওয়া হয় না। তাই ষষ্ঠী থেকে দশমী প্রতিটি দিনেই পুরনো দিনের আনন্দের কিছুটা খুঁজে নিতে চান এই অভিনেত্রী।
এবারও পূজার শুরুতে তার সাজপোশাক ও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নজর কেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি, উৎসবের আমেজ আর হাসিমুখের ছবিতে ধরা পড়েছে তার ব্যক্তিগত জীবনের আনন্দঘন সময়। কর্মব্যস্ততার বাইরে পরিবারের সঙ্গে এমন সময় কাটানোর মুহূর্তগুলোই সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।
তারকাদের এসব আয়োজন ও শুভেচ্ছাবার্তায় পূজার উৎসবমুখর পরিবেশের পাশাপাশি উঠে এসেছে পরিবার, সম্প্রীতি ও শুভশক্তির বার্তা।