ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

মালদ্বীপকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। ৩৩-২০ গোলের বড় জয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ ব্যবধানে হেরে যায় মেয়েরা। তাই ফাইনালের টিকিট নিশ্চিত করতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতেই হতো বাংলাদেশকে। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলে প্রথমার্ধেই ১৬-৫ গোলের লিড নেয়।

দ্বিতীয়ার্ধে মালদ্বীপ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সমানতালে লড়াই চালিয়ে যাওয়ার আভাস দেয়। এই অর্ধে মালদ্বীপ ১৫ গোল করলেও বাংলাদেশের আক্রমণ সামলাতে পারেনি। বাংলাদেশের মেয়েরা ১৭ গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত প্রথমার্ধের ১১ গোলের সেই বড় লিডই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে একাই ৮টি গোল করেন মোসাম্মত সানজিদা আক্তার। আর এই অসাধারণ অবদানের সুবাদেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।

ফাইনালে ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে খেলার প্রত্যয়ের কথা জানিয়েছেন সানজিদা, ভারতের বিপক্ষে আগের ম্যাচের ভুলত্রুটিগুলো নিয়ে তারা কোচের সঙ্গে আলোচনা করেছিলেন এবং মালদ্বীপের বিপক্ষে ম্যাচে সেগুলো সফলভাবে শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। দেশের মাটিতে খেলা হওয়ায় নিজেদের সেরাটা দিয়ে দেশের সম্মান ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে ভারতের সঙ্গে প্রস্তুতির ব্যবধানের কথা তুলে ধরে তিনি জানান, প্রতিপক্ষ দল সারা বছর ক্যাম্পে থেকে নিয়মিত অনুশীলন করার সুযোগ পেলেও বাংলাদেশের মেয়েরা চার-পাঁচ মাসের ক্যাম্পের মধ্য দিয়েই নিজেদের প্রস্তুত করে থাকেন। দলের আরেক তারকা সাকিবা জান্নাত শাম্মীও ভারতকে কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে বলেন যে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং র‌্যাংকিংয়ে তারা এগিয়ে রয়েছে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ভারতের বিপক্ষে মাঠে নিজেদের সেরা খেলাটি উপহার দিতে চান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত