টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে মাঠের লড়াই। দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেটে। এই সিরিজে দুই স্টেডিয়ামের অধিকাংশ গ্যালারি উন্মুক্ত রাখার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেকোনো সমর্থক নির্দিষ্ট এসব গ্যালারিতে টিকিট ছাড়াই, বিনামূল্যে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।
এ নিয়ে বিসিবির টিকিট কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন ভালো অবস্থানে আছে, এ জন্য আমরা চাই, সমর্থকরা যেন মাঠে এসে দলকে সমর্থন করতে পারে। এ জন্য এবার বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, কয়েকটি গ্যালারি সমর্থকদের জন্য খোলা থাকবে। এসব গ্যালারির টিকিট বিক্রি হবে না।’ এর আগে সাধারণত টেস্ট ম্যাচে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে খেলা দেখার সুযোগ দিত বিসিবি। এবার যেকোনো সমর্থক এই সুযোগ পাচ্ছেন। জানা গেছে, এসব সমর্থকের জন্য মিরপুরের ইস্টার্ন গ্যালারি, আবু সাঈদ স্ট্যান্ড এবং সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি উন্মুক্ত থাকবে। তবে ক্লাব হাউজ, গ্র্যান্ড স্ট্যান্ড এবং করপোরেট বক্সের জন্য টিকিটের ব্যবস্থা থাকছে।