স্পিকার বললেন

ইশরাকের উদ্যোগ ভালো, তবে অস্ত্র নেওয়া ঠিক হয়নি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ এএম

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দুর্বৃত্ত দমনে যে উদ্যোগ নিয়েছেন, তা ভালো। তবে একজন প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। আইনি হোক বা বেআইনি, একজন মন্ত্রীপর্যায়ের ব্যক্তির হাতে অস্ত্র নেওয়া শোভা পায় না। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন ইশরাক হোসেন। তার কাজটি ভালো হলেও হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। তার সঙ্গে দেহরক্ষী রয়েছে। পুলিশ বাহিনী দুর্বল হলে দলীয় কর্মীবাহিনীও সহযোগিতায় যেতে পারে। কিন্তু একজন নেতা বা মন্ত্রীর হাতে অস্ত্র নেওয়া মানানসই নয়। এ কারণেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে দুর্বৃত্ত দমনে তার ভূমিকার জন্য সাধারণ মানুষ ভবিষ্যতে তাকে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত