দেশের তিন জেলায় পৃথক নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে নিজের মাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অন্যদিকে, কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার শয়নকক্ষ থেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খ-িত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
পাবনা : পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকার জন্য নিজের মাকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত মায়ের নাম মোছা. সূর্যবানু (৬০)। তিনি ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত সন্তানের নাম উদ্দিন সরদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য তিনি মায়ের সঙ্গে বাগ্বিতন্ডা ও ঝগড়া করতেন। ঘটনার দিন সকালেও মায়ের কাছে টাকার দাবি করেন ওই যুবক। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উদ্দিন সরদার। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়। ঘটনার পর পাশের একটি বাড়ির গ্রিল কেটে অভিযুক্ত ছেলেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, মাদকের টাকার জন্যই মূলত এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা তার নাতি তাকে হত্যা করে পালিয়ে গেছে। গত সোমবার ভোররাতে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের প-িতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন। মঙ্গলবার রাতে কোনো এক সময় তিনি হত্যাকান্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত সোমবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকান্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উলিপুর থানা পুলিশের ওসি শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান নামে এক জামাই নিহত হয়েছেন। গত সোমবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারি গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে।
স্থানীয় জানায়, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। তারই জেরে মঙ্গলবার ভোররাতে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোররাতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে।
মহেশপুর থানার ওসি ইমরান হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে আটক করা হয়েছে। হত্যাকা-ে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করা হয়েছে।