আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পেছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটা ফর্মুলা দেবেন, কীভাবে কাজ করতে হবে। এর বাইরে কেউ গেলে তাকে দলছুট করা হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।
গতকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আইনমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে।