ডেঙ্গু ও হাম উপসর্গে আটজনের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। নতুন করে এক হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুজন, বরিশাল সিটি করপোরেশনের বাইরে দুজন এবং রংপুর সিটি করপোরেশনের বাইরে একজন। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৭৭ জন।

অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১০০ জনসহ মোট ১ হাজার ২০৪ জন মারা গেছে। এই সময়ে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত