ছাত্রশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানিম ওয়াহিদ। আর মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্বে এসেছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আশিকুজ্জামান মোল্লা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেন। পরে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের পর তিনি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন।

অন্যদিকে, তানিম ওয়াহিদ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয় তার। শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং দায়িত্ব পালন করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেনি তিনি। পরে জাতীয় নাগরিক পার্টিÑ এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশ হলে এর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পান তিনি।

নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত