নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ‘অজ্ঞাতপরিচয়’ দুই চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে। বুধবার (২১ অক্টোবর) বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। এ দুর্ঘটনায় হতাহতরা সবাই ভিন্ন জেলার বাসিন্দা। তারা কেউ বাদী হয়ে মামলা করার জন্য থানায় আসেননি। তাই রাতে পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে।
আসামিদের বিষয়ে তিনি বলেন, মামলায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালকদের আসামি করা হয়েছে। অভিযোগ আছে দুর্ঘটনার সময় বাসের চালকের আসনে ছিলেন সুপারভাইজার। মামলার তদন্তের মধ্য দিয়ে এ বিষয়টিসহ ফিটনেসসহ অন্যান্য অনিয়মগুলোও উঠে আসবে।
মঙ্গলবার ভোরের এ দুর্ঘটনায় ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩২) নিহত হয়েছেন। একই সময় বাসের চালকের আসনে থাকা সোহেল রানাও (৩৬) নিহত হয়েছেন। তবে তিনি বাসের সুপারভাইজার ছিলেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওই দিন ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে কুয়াকাটা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে পঞ্চগড় থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাহনের চালকসহ ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
চালক ঘুমে, স্টিয়ারিংয়ে সুপারভাইজার