ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসফিয়ার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম

ভোলার সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে তাসফিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ভেলুমিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ওই গ্রামের মো. রুবেলের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ঘর থেকে হাঁটতে হাঁটতে বাইরে বের হয় তাসফিয়া। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাসফিয়াকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত